নারীর গোসলের ভিডিও ধারণ করায় কলেজছাত্র গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় গোপনে এক নারী ব্যাংক কর্মকর্তার গোসলের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ আগস্ট) গ্রেপ্তার হওয়া ওই কলেজছাত্র মুরাদ হোসেন বাগমারা উপজেলার বাসিন্দা ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সম্মান শ্রেণির ছাত্র। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, গত ঈদুল আজহার ছুটিতে ওই নারী ব্যাংক কর্মকর্তা ঢাকা থেকে তাঁর শ্বশুরবাড়ি বাগমারার একটি গ্রামে আসেন। আবদুল আলিম নামের এক তরুণ গোপনে ওই নারীর গোসলের ভিডিও মুঠোফোনে ধারণ করে। পরে সেটি সে তাঁর বন্ধু মুরাদ হোসেনকে দেয়। 

আরও পড়ুন: মোবাইল গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোর নিহত

মুরাদ ওই নারী ব্যাংক কর্মকর্তার কাছে ভিডিওটি পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তা না পেয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে রোববার রাতে বাগমারা থানায় পর্নোগ্রাফি আইনে দুই তরুণের নামে মামলা করলে রাতেই মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। আর অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় তারা। ভুক্তভোগী ওই নারী ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন।

একাত্তর/এসজে