চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ ৩৩টি যানবাহনের গতিরোধ করে গণডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ভোলাহাটের জনবিরল ফলিমারির বিল এলাকায় ১৫-২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে এ ঘটনা ঘটায়। এসময় অনেক যাত্রী আহতও হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জমজম ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজ, চাঁপাই ট্রাভেলসসহ অন্তত ৩৩টি পরিবহনের গতিরোধ করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। বাস ছাড়াও কয়েকটি মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতি করা হয়। আরোহীরা তাদের টাকা ও মুল্যবান সামগ্রী না দিতে চাইলে, ডাকতরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া একটি মাইক্রোবাসেও ভাঙচুর করা হয়েছে।
বাসযাত্রী ভোলাহাট এলাকার বাসিন্দা সাবিরুল জানান, হঠাৎ মাঝপথে গাড়ি থামায় ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগ। এসময় বাইরে থেকে কিছু লোক গাড়ির হেলপারকে গেট খুলতে বলে। হেলপার অস্বীকৃতি জানালে তাকে দুর্বৃত্তরা লাঠি দিয়ে মারধোর শুরু করে। বাধ্য হয়ে গাড়ির দরজা খুলে দেয় হেলপার।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এটিই ডাকাতির সবচেয়ে বড় ঘটনা। গাড়িতে থাকা যাত্রীদের স্বর্ণের গহনা, মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র যা ছিল সেগুলা নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতির ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ডাকাতির শিকার অপর এক বাসযাত্রী ভোলাহাটের বীরেশ্বরপুর গ্রামের গণি বিশ্বাস জানান, ডাকাতরা এসে তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে সাড়ে ১২ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের অলংকার নিয়ে গেছে। বাসযাত্রী ইমামনগর গ্রামের গার্মেন্টস শ্রমিক আশা বলেন, তার ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতরা।
ডাকাতির শিকার মানুষেরা পুলিশকে দোষারোপ করে বলেন, পুলিশের অবহেলার কারণেই এভাবে ডাকাতির সুযোগ পেয়েছে দুর্বৃত্তরা। তাদের এখানে ডিউটিতে থাকার কথা থাকলেও তারা ছিলো না।
জমজম ট্রাভেলসের সুপারভাইজার আলমগীর বলেন, রাত পৌনে ৮ টার দিকে সোনাজল নামক স্থানে ১৫-১৬ জনের একটি দল মুখোশ পরে হাসুয়া ও লাঠি দিয়ে গাড়ির দরজায় আঘাত করে। হেলপারকে পিটিয়ে গাড়িতে ঢুকে যাত্রীদের কাছ থেকে মুল্যবান মালামাল ও নগদ টাকা ছিনতাই করতে থাকে। তারা পৌঁছার আগেই কিছু ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে ডাকাতি চলছিলো। তাই পরিস্থিতি বুঝলেও পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।
প্রথমে সাথী এন্টারপ্রাইজ, পরে তাদের জমজম এবং তারপর চাঁপাই ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা, জানান আলমগীর।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ডাকাতরা লুটপাট করে পালিয়েছে। তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতদলের হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
একাত্তর/জো