ফেনীর পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আফছার নামে আরও একজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন ফেনী পৌরসভার বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, ‘বাঁশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। পরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আমরা লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছি।’
তিনি আরও জানান, ‘নিহত ও আহত ব্যক্তি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।