পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি ও এক মার্কিন নাগরিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আরিফ মো. শাকুর।
তিনি জানান, গ্রেপ্তাররা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে ভিকটিমের খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১৪ জুলাই দিনগত রাতে ৬/৭ জনের একদল ডাকাত কলাপাড়ার একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে। অস্ত্রের মুখে ডাকাত দল বাড়ির মালিক, তার মা ও বোন এবং বোনের দুই বাচ্চাকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও বাড়ির মালিকের স্ত্রীর (মার্কিন নাগরিক) ব্যবহৃত মোবাইল সেট লুট করে। এক পর্যায়ে তারা ওই মার্কিন নাগরিককে অন্য রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আর সকালে পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় গেলো ১৪ জুলাই ওই মার্কিন নাগরিকের স্বামী বাদী হয়ে কলাপাড়া থানায় ৬-৭ জন অজ্ঞাত আসামির উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশের একাধিক টিম মাঠে নামে জড়িতদের গ্রেপ্তারে৷
বরিশালের ডিআইজি ও পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনা ও তদারকিতে তথ্য উপাত্ত সংগ্রহ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সীমান্তবর্তী শ্যামপুর গ্রাম থেকে একজন গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারে বর্ডার গার্ডের সহায়তা নেয়া হয়। তার দেয়া তথ্য মতে রাজধানী ঢাকার মিরপুর পল্লবী ও সবশেষ দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের বস্তির একটি ভাড়া বাসা থেকে থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উভয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকেও কলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহ আটক অপর একজন পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর।
তিনি বলেন, গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম।