সমঝোতা হলে শরিকদের ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হলেও জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যে সব রাজনৈতিক দলের সাথে সমঝোতা ও ঐক্য হবে তাদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা ও ঐক্যে বিষয়ে কথাবার্তা আলোচনা চলছে। সে ক্ষেত্রে কিছু আসন ছাড় দিতে হবে। ছাড় না দিলে ঐক্য হবে না। 

তিনি আরও বলেন, এমন অনেক আসন আছে যে সব আসনে জামায়াত আগে কখনো নির্বাচন করেনি। তাই সমঝোতার প্রয়োজনে আসন ছেড়ে দেওয়া হলে জামায়াতে ইসলামী ২০০ আসনে দলীয় প্রার্থী দেবে।