নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিনদিন পর শিশু আল-আমিনের (৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আল-আলীম ওই ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার সকালে আল-আমিন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ওই রাতে সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। 

পরে উপজেলার বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দী শিশুর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। 

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে টেমার ঝোড়ে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।