ছোট ভাইয়ের ভাসমান মরদেহ খুঁজে পেলো বড় ভাই

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে পানিতে ডুবে আড়াই  বছর বয়সী সায়েম নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দার খারনৈ  ইউনিয়নের তেলিগাঁও গ্রামে নিজ বাড়ি সামনে পুকুরে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। শিশু সায়েম ওই গ্রামের সাঈদ মিয়ার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কোনো এক ফাঁকে বাড়ীর বাড়ি থেকে নিখোঁজ হয় সায়েম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে তার বড় ভাই নাঈম (১০)। তার চিৎকারে প্রতিবেশী ব্যক্তিরা সায়েমকে তুলে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জোরপূর্বক গর্ভপাত: স্বামী, সরকারি সেবিকাসহ গ্রেপ্তার পাঁচ

কলমাকান্দা হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক আফরোজা আক্তার সাবা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান একাত্তরকে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


একাত্তর/এসজে