বিয়ের দুই মাস না যেতেই পটুয়াখালীর কুয়াকাটায় শ্বশুড়বাড়ি থেকে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে গলায় ফাঁস দেয়া নববধূর ঝুলন্ত মৃতদেহ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রী জাহিদুল ইসলামের সাথে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের আব্দুর রশিদের মেয়ে সাথীর দি মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে মনোমালিন্য চলছিলো।
এরিমধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার পর সাথী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এসময় তার স্বামী জাহিদুল ছিলেন পটুয়াখালীতে। স্ত্রীর মোবাইল দীর্ঘক্ষণ বন্ধ পেয়ে প্রতিবেশীদের কাছে স্ত্রীর খোঁজ নিতে বলেন তিনি। এসময় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: ভৈরবে অধিক গতিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, বিঘ্নিত যোগাযোগ
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে লোহার দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মৃতদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে। তবে চিঠিতে কি লেখা আছে তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাবে না।
রাতেই মরদেহ উদ্ধার করে মহিপুর থানায় আনা হয়েছে। দায়ের করা হয়েছে একটি অপমৃত্যুর মামলা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তর/আরএইচ