ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পেট্রোল হামলা

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক তিনবারের কাউন্সিলর মতিউর রহমান মতির বাড়িতে পেট্রোল হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌর শহরের দক্ষিণ পাড়ায় মতির নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে যায় দুটি মোটরসাইকেল, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন আসবাবপত্র। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মতিউর রহমান।

ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়রা জানান, গতকাল ভোররাতে বাড়ির পেছনের দেয়াল টপকিয়ে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় থাকা দুইটি মোটরসাইকেল ও কাপড় রাখার আলনায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। পরে মতিউর রহমানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মতিউর রহমান বলছেন, রাতে তীব্র গরমের কারণে গ্রিলে তালা দিয়ে আমার ঘরের দরজা খুলেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ পেট্রোল ও প্লাস্টিক জাতীয় কোন কিছু পোড়ার গন্ধ আমার নাকে আসে। বিছানা থেকে উঠে বাহিরে বের হয়ে আসতেই দেখি আমার দুই মোটরসাইকেলে আগুন জ্বলছে। কোন কিছু বুঝে উঠতে না পেরে বিছানায় থাকা কম্বল পানিতে ভিজিয়ে কোনরকম আগুন নেভানোর চেষ্টা আগুন আগুন বলে চিৎকার করি। পরে আশপাশের লোকজন আমার বাড়িতে এসে বালু ও পানি দিয়ে আগুন নেভায়।


আরও পড়ুন: রামুতে দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তাসহ আহত আট

‌দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর এ আলম বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি অভিযোগ থানায় জমা পড়েছে, আশা করি দ্রুতই আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।


একাত্তর/আরএ