চট্টগ্রামে খোলা ড্রেন আর খালগুলো যেন মৃত্যুফাঁদ!

চট্টগ্রাম শহর জলাবদ্ধতা মুক্ত করার কাজ চলার সময় খোলা ড্রেন আর খালগুলো বিপদজনক হয়ে উঠছে। প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা হলেও তা বন্ধে কোন উদ্যোগ নেই। 

নগরের বাসিন্দাদের সঙ্গে একাত্ম হয়ে সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম জানান, এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না কর্তৃপক্ষের কেউ। 

নগরীর বিভিন্ন প্রধান সড়কের পাশে অরক্ষিত হয়ে আছে ড্রেন ও খালগুলো। কাজের সুবিধার জন্য খুলে রাখা হয়েছে ড্রেনের ঢাকনা। 

টানা বৃষ্টিতে নগরীতে একটু জলাবদ্ধতা হলে আর বোঝা যায় না কোথায় সড়ক কোথায় ড্রেন। 

গত ২৫শে আগস্ট নগরীর মুরাদপুরে বৃষ্টির সময় এন একটি ড্রেনে পড়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। এখনো তাঁর খোজ মেলেনি। 

তবে, এসব দুর্ঘটনার দায় কোন ভাবেই নিতে নারাজ সিটি কর্পোরেশন। তারা বলছে, নগরীর সব নালা ও খালের পাশে নিরাপত্তা দেওয়াল দেয়া তাদের পক্ষে সম্ভব না। প্রকল্পের কাজে নিরাপত্তা দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। 

আর, চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, নিরাপত্তার দায়িত্ব তাদের না। তার পরেও দুর্ঘটনা রোধে তারা নিরাপত্তা দেয়াল দেবে। 

এদিকে চট্টগ্রাম সিটির সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন জানান, নগরীর কোন দুর্ঘটনার দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না।

নগরীতে গত তিন মাসেই এসব খোলা ড্রেন ও নালায় পড়ে এক নারীসহ প্রাণ হারিয়েছে তিন জন।  


একাত্তর/ এনএ