আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাহাড়ি জেলা বান্দরবানে নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান-৩০০ আসনে মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে রোববার বিকেল থেকেই জেলার সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে। তবে ৭ ফেব্রুয়ারি থেকে দুর্গমতার কারণে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলিকদম উপজেলার ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম এবং নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো কার্যক্রম শুরু হলেও আজ মঙ্গলবার সর্বশেষ সে কার্যক্রম শেষ হয়েছে।
বান্দরবান-৩০০নং আসনের আওতায় রয়েছে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম জানান, গত ৬ জানুয়ারি থেকে প্রতিটি উপজেলায় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা থেকে কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানোর কাজ গতকাল ও আজ সম্পন্ন হচ্ছে।
নির্বাচনী মাঠে প্রার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় মোতায়েন করা হয়েছে প্রায় ১৩০০ পুলিশ সদস্য, ২৩০০ সেনাবাহিনী সদস্য, ২১ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র্যাব ও আনসার সদস্য।
দুর্গম পাহাড়ি পথ আর নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা প্রশাসনের। এখন ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় পাহাড়ের মানুষ।