নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর শহরের একটি রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম।
তিনি বলেন, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে নির্বাচনী কার্যালয়ে টাকা বিতরণের অভিযোগ এনে হামলা ও ভাঙচুর করা হয়।
সংবাদ সম্মেলনে সিসিটিভি ফুটেজ প্রদর্শন করে লাঙ্গলের প্রার্থী বলেন, মিথ্যা দাবি তুলে জামায়াত প্রার্থী আব্দুল মুনতাকিমের ছোট ভাই দুলাল ও সমর্থক জাকীরের নেতৃত্বে প্রায় ৩০০ সমর্থক রাত প্রায় একটায় তার নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় গাড়ি ভাঙচুর করেন তারা। আহত হন ১০ জন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই এই হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।