বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘের থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এক মৎস্য ঘেড়ের মালিক সাপটি দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বনবিভাগকে খবর দেন।
উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন জিলবুনিয়া গ্রামের মৎস্যঘের মালিক মো. জয়নাল আকন জানান, তার ঘেরে মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি গিয়ে দেখতে পান তার ঘেরের বেড়ার জালে একটি বিশাল আকৃতির অজগর সাপ আটকে আছে।
বিষয়টি তিনি স্থানীয়দের জানান এবং তাদের সহযোগিতায় সাপটি বস্তা বন্দি করতে সক্ষম হন। পরে স্থানীয় সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিসে সাপের বিষয়টি জানানো হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি অজগর সাপ উদ্ধারের ঘটনা জানতে পেরে সেখানে বন রক্ষাকারী স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজি ও ভিটিআরটির সদস্যদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে স্টেশন অফিসে নিয়ে আসা হয়েছে। ১০ ফুট লম্বা অজগর সাপটির ওজন প্রায় ১২ কেজি।