বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪

বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মো. আবু জাফর বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছিলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পরে আরও দুইজনের মৃত্যু হয়।  

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।