জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উব্দোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জুলাই সদন বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং, জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।
এদিকে তেলের কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ আইনে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খান খনন কর্মসূচিতে অংশ নেবেন।
এদিন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে খালখনন কর্মসূচির উব্দোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।