দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু রয়েছে এবং পর্যায়ক্রমে সরকারি হাসপাতালগুলোতেও এই সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া সমুদ্রের জেলেদের নিরাপত্তা ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পেতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালুর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নে পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনার কাজ চলছে জানিয়ে মন্ত্রী স্থানীয়দের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, উপজেলা পর্যায়ে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ। তিনি বিটিসিএলের সেবার মানোন্নয়ন এবং মোবাইল নেটওয়ার্কের সমস্যা দূর করার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক ও সাবমেরিন কেবলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।