একাত্তরে সংবাদ প্রকাশের পর আদালতের মামলা গ্রহণ

‘ভুল বিকাশ নম্বরে কপাল পুড়ছে তিনশ’ বয়স্ক মানুষের’ শিরোনামে একাত্তর অনলাইনে ও একাত্তর টিভিতে সংবাদ প্রকাশের পর নাটোরে স্ব-প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। 

নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মজিদ বলেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে নাটোরের পুলিশ সুপার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদালত নির্দেশ দিয়েছেন।

ওই খবরে বলা হয়, ভাতার তালিকায় বিকাশ নম্বর ভুল দিয়েছে কর্তৃপক্ষ, অথচ তার খেসারত দিচ্ছেন নাটোরের নলডাঙ্গার তিনশ'র বেশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি। 

তাদের ভাতার টাকা চলে গেছে অন্য বিকাশ নম্বরে। সেই টাকা পেতে নয় মাস ধরে সরকারি দপ্তরে ঘুরছেন, কিন্তু সমাধান মিলছে না। 

ভুলের বিষয়টি নিয়ে একে অপরকে দুষছেন বিকাশ এজেন্ট আর সমাজসেবা কর্মকর্তারা। কিন্তু এতে সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই হচ্ছে না। 

নল-ডাঙ্গার পিপরুল ইউনিয়নের বিলজোয়ানী গ্রামের সাহেব আলী। দুই দফায় গত ৯ মাসের বয়স্ক ভাতার সাড়ে চার হাজার টাকা পাবার কথা ছিলো তার।

কিন্তু তার নিজের নম্বরে আসেনি এক টাকাও। একই ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা পাননি উপজেলার তিনশো বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা। কর্তৃপক্ষের ভুলে ভাতার তালিকায় তাদের বিকাশ নম্বরই তোলা হয়নি। 

টাকা ফেরত পাবার আশায় প্রতিদিনই সমাজসেবা অফিসে যোগাযোগ করছেন অসহায় এসব মানুষ। কিন্তু মিলছে না সদুত্তর...। 

আদালত সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর একাত্তর টেলিভিশনের অনলাইন পোর্টাল ও একাত্তর টিভিসহ দেশের অন্য গণমাধ্যমে ওই সংবাদ প্রকাশ হলে প্রতিবেদনগুলো আদালতের নজরে আসে। পরে প্রকাশিত সংবাদে ফৌজদারি ধারায় আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের কারণ থাকায় তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন আদালত।

আরও পড়ুন: কোরআন অবমাননার ছুতোয় পুড়িয়ে হত্যায় একজনের জামিন বহাল

নাটোরের বিশিষ্ট সমাজকর্মী সাজিদ আলী ঝর্ণা বলেন, রাষ্ট্রের অন্য কর্তৃপক্ষগুলো যখন নির্লিপ্ত তখন আদালতের এমন উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষকে আশান্বিত করে তোলে। আদালতের এমন আদেশকে সম্মান জানাই।


একাত্তর/এসি