টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার নলীন বাজার ও জগৎপুরা এলাকায় হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার (৪ জুন) রাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে সকালে তা উপেক্ষা করেই হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেয় দু'পক্ষ। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত রাত থেকেই ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
বর্তমানে দুই উপজেলায় থমথম অবস্থা বিরাজ করছে। দুই পক্ষ পুনরায় সংঘর্ষের প্রস্তুতি নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।