স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের কার্যক্রম উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী ২৩ জুন পতিত দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কিনা সেইদিকে খেয়াল রাখতে হবে৷
গত ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেয়া হয়েছে, তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।
এছাড়াও বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিকল্পনা অনুযায়ী ছয় তলা ভবনকে আট তলা করার উদ্যোগ নেয়ার পাশাপাশি পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে সেটিকেও হাসপাতালের কাজে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
এ আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসন এম. আর ইসলাম স্বাধীন।