পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়লো বেইলি ব্রিজ

পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। আর তাতেই বরিশালের বাবুগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের এই বেইল ব্রিজটি খালে ভেঙে পড়ে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ভোরে পাথরবোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বরিশালের বানারীপাড়া আসার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে ছ’টার দিকে ট্রাকটি সেতুর মাঝ বরাবর উঠলে, এটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক জানান, সেতুটি ভেঙে পড়ায় বরিশাল জেলা ও বাবুগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এই পথে প্রতিদিন বরিশাল যায় বাবুগঞ্জ, বানারীপাড়া, পিরোজপুর স্বরূপকাঠি, নেছারাবাদসহ আরো কয়কেটি রুটের বাস। এছাড়াও চলাচল করে অটোরিকশাসহ বহু ব্যক্তিগত পরিবহন।

বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। 

এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।


একাত্তর/এআর