লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্বপন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ স্বপন চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের টিনের বাড়ির আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় স্বপনের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি ছিল। তার গালে ছোট দাড়ি রয়েছে। নিজ বাড়ি থেকে নিকটস্থ মসজিদে নামাজ পড়তে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের দাবি, স্বপন দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত ছিলেন এবং প্রায় দুই বছর আগে কিছুদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
নিখোঁজের পর থেকে স্বপনের বাবা, ভাই ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ চালাচ্ছেন। তবে এখনও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবারটি।
স্বপনের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।