কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত বেলিন তিমি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।

সোমবার (২৯ জুন) দুপুরে জোয়ারের পানিতে ভেসে এসে বেলিন প্রজাতির তিমিটির মরদেহ সৈকতের বালুচরে আটকা পড়ে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবুল হোসেন রাজু জানান, ট্যুর গাইড তরিকুল ইসলাম প্রথম তিমিটি দেখতে পান। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়।

তাদের ভাষ্য, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

এর আগে ২০১৮ ও ২০২২ সালে একটি করে এবং চলতি বছরের ৩ জুন আরেকটি মৃত তিমি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল। পরিবেশকর্মীদের মতে, এমন ঘটনা সামুদ্রিক পরিবেশের জন্য উদ্বেগের ইঙ্গিত হতে পারে।

মৃত তিমির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে পর্যটকসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ কাউয়ার চর সৈকতে ভিড় করেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিমিটির দেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে বন বিভাগ, পরিবেশকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা তিমিটিকে মাটি চাপা দেওয়ার কাজ করছেন।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে তিনি বন বিভাগকে তিমিটি উদ্ধার করে মাটি চাপা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।