জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৭) নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আজ বিকেল ৩টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল জজ কোর্ট চত্বরে অভিযান পরিচালনা করে।
এসময় রফিকুল ইসলামকে তার আইনজীবীর কক্ষ থেকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমান নোটের পাঁচটি বান্ডিলে চার লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ তিনবার গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
তবে আটকের পর রফিকুল ইসলাম দাবি করেন, আদালতে হাজিরা দিতে আসার সময় তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ তার কাছে রেখে পালিয়ে গেছেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার নিশ্চিত করেন।