লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে মাছটি ঘাটে আনার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিরল এই মাছটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাছঘাটে ভিড় করেন। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
জেলেরা জানান, মেঘনা নদীতে দীর্ঘদিন মাছ ধরলেও এত বড় হিলা মাছ খুব কমই জালে ওঠে। তাই এমন মাছ পেয়ে তারা আনন্দিত এবং নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।
মাছটির ক্রেতা আলী মাঝি বলেন, বাজারে এত বড় হিলা মাছ সচরাচর পাওয়া যায় না। তাই বিশেষ আগ্রহ থেকেই তিনি ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে বড় আকারের মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও সুস্থ পরিবেশের ইতিবাচক লক্ষণ। জেলেরা সরকারি নিয়মকানুন মেনে মাছ আহরণ করলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া সম্ভব হবে।