কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের জলতরঙ্গ পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম ইয়াছিন খান। তিনি ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান। তিনিও ঢাকার বাসিন্দা। ইব্রাহিমের খোঁজে এখনও অভিযান চালাচ্ছে প্রশাসন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবর রহমান জানান, বুধবার বেলা আড়াইটার দিকে সহকর্মীদের নিয়ে সমুদ্রে গোসল করতে নামেন ইয়াছিন খান ও ইব্রাহিম খান। একপর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে তারা দুজন ভেসে যান।
এ সময় লাইফগার্ড কর্মীরা ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান।
প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের ওই দলটি কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের একটি হোটেলে অবস্থান করছেন। প্রতিদিনের মতো সমুদ্রে গোসলের সময় মূলত এই দুর্ঘটনা ঘটে।