আন্দারমানিক নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের নদীর তীরে মৃত তিমিটিকে দেখতে পান স্থানীয়রা।

তালতলী বন বিভাগ জানায়, খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যায় বন বিভাগের একটি দল। তাদের তথ্য অনুযায়ী, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন। বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীর মোহনায় চলে আসে। এরই মধ্যে মৃত তিমিটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।

উল্টে থাকা তিমিটিকে দেখে বন বিভাগের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে এটির মৃত্যু হতে পারে। বর্তমানে মৃত তিমিটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তবে মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।