পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা অবস্থায় চুল্লির উপর থেকে ছিটকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহত দুই শ্রমিক ওই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রুপপুর প্রকল্পের দুই নং চুল্লিতে তারা নির্মাণ কাজ করা অবস্থায় হঠাৎ তিনজন ছিটকে নীচে পড়ে গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিককে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: জমির বিবাদ মিটাতে গিয়ে পিটুনির শিকার পুলিশ
রুপপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
একাত্তর/এসজে