নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে শ্রমিক নিহত

পটুয়াখালী শহরের পিটিআই রোডে নির্মাণাধীন বহুতল ভবন কনকর্ড টাওয়ারের আটতলা থেকে নিচে পড়ে গিয়ে এক তরুণ ইমারত শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ছয়টায় ময়লা ফেলার জন্য তিনি আটতলার কার্নিশে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. শামীম (১৯) গাইবান্ধা জেলার ফুলছুরি উপজেলার কালিরবাজার এলাকার মো. রেজাউলের ছেলে।

নিহত শ্রমিকের সহকর্মী জামাল জানান,  তারা ২০ জন গাইবান্ধা থেকে ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। শামীম ইট গাথার কাজ করতেন।  সন্ধ্যা ছয়টার দিকে কাজের শেষ পর্যায়ে ময়লা ফেলার জন্য আট তলায় কার্নিশে গেলে পা পিছলে নিচে পড়ে যান তিনি। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শামীমা নাসরিন শিমু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  নিহতের মুখ ও কান থেকে রক্ত বেরুচ্ছিল এবং মাথার পিছনে আঘাত ছিল বলেও জানান তিনি।

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান,  খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।