বরিশালে ডেঙ্গুর সংক্রমণ কমছেই না, সবচেয়ে বেশি পিরোজপুরে

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী কমছেই না। এই বিভাগের পিরোজপুর জেলায় ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বেড়েছে। শোভাযাত্রার মাধ্যমে লিফলেট বিতরণের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

পটুয়াখালীতে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন ডেঙ্গু রোগী। মঙ্গলবার সন্ধ্যায় ডেঙ্গুতে মারা যান এক গৃহবধূ।

জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ২১২ জন। রোগীরা জানান, হাসপাতালে অপরিচ্ছন্নতাসহ বহুবিধ সমস্যা রয়েছে।

তাদের অভিযোগ, বেড পাওয়াটাই মুশকিল। তার ওপর পাওয়া গেলে তা থাকে অপরিচ্ছন্ন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমীন লিজা, মশক নিধক অভিযানটা পৌরসভা কেন্দ্রিক। ঠিকভাবে সুফল পেতে হলে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে অভিযান চালানো উচিত।

এদিকে বরিশালে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ জন। শেরেবাংলা মেডিকেলে নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। বরগুনায় এক রোগীর মৃত্যু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শোভাযাত্রা বের করে পথচারী ও এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন তারা।

যশোরেও ডেঙ্গুর প্রকোপ রোধে ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলার স্বাস্থ্য প্রশাসন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, আমাদের রোগী বাড়লে আমরা অন্যান্য ওয়ার্ড থেকে প্রয়োজনে শয্যা কমিয়ে এগুলো ডেঙ্গুর জন্য বরাদ্দ করবো।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার ৯টি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪২ জন।