পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের উঠান বৈঠক শেষে ফেরার পথে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খান।
শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম খান পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক জানান, শনিবার সন্ধ্যার পরে রাজনগর গ্রামে পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের সমর্থনে উঠান বৈঠক ছিল। বৈঠক শেষে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান মতলেব হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউলের দুই পা ও শরীর ক্ষতবিক্ষত হয়। এ হামলায় তিনি ছাড়াও আরও তিনজন আহত হন। উপজেলা চেয়ারম্যানের ছেলে হাসান মাহমুদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তার দাবি।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।