পটুয়াখালীতে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর প্রচার গাড়ি ভাঙচুর

দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদারের ডাব মার্কার প্রচার গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদারকে দায়ী করেছেন নাসির উদ্দিন।

শনিবার বিকেলে দুমকি উপজেলার চারটি ইউনিয়নের ডাব প্রতীকের চারটি প্রচার গাড়ি ভাঙচুর ও ড্রাইভারের মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আক্রান্তরা জানায়, ডাব প্রতীকের প্রচার গাড়ির অটোরিক্সা ড্রাইভার বলু প্রতিদিনের মত মাইক নিয়ে প্রচারকালে দুমকি উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় পৌঁছালে কিছু দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মাইক ভাঙচুর করে চলে যায়।

লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকায় প্রচার গাড়িতে থাকা সোহাগের মাইকের মেশিন ভেঙে ফেলা ও জীবননাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।

আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রচারগাড়ির সুমনের ব্যানার ও মেশিন ভেঙে ফেলা হয়। রাকিব নামে আরেক অটোচালক শ্রীরামপুর ইউনিয়নের তালতলী এলাকায় গেলে প্রচার গাড়ি থামিয়ে অটোরিক্সা ভাঙচুর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

অটোরিক্সা চালক রাকিব বলেন, মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১৫ জন আমার গাড়ি থামায় এবং তারা বলে ডাব মার্কার কোনো প্রচার এই এলাকায় চলবে না। এসময় তারা গাড়ির ব্যানার ও মাইকের মেশিন ভেঙে ফেলে এবং আমার কাছ মোবাইল ফোন ছিনয়ে নেয়।

প্রচার গাড়ির দায়িত্বে থাকা অটোরিক্সাচালক সুমন বলেন, আমাকে প্রচার বন্ধ করার হুমকি দেওয়া হয়। দুর্বৃত্তরা মাইক ভাঙে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। 

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার বলেন, দুমকিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সমর্থকরা আমার চারটি প্রচার মাইক ভাঙচুর করেছে এবং প্রচার গাড়ির দুইজন ড্রাইভারকে মারধর করেছে৷ আমি এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

দুমকি থানার ওসি আব্দুল হান্নান বলেন, লোকমুখে ভাঙচুরের সংবাদ পেয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।