ভোটে অনিময় হলে আইনশৃঙ্খলা বাহিনী দায়ি: ইসি হাবিব

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ প্রভাব বিস্তার, জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ ভোট বন্ধ করা হবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। এর ব্যত্যয় ঘটলে ইসি নয়, দায়ি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শুক্রবার বিকেলে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিং এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

ইসি হাবিব বলেন, জাল ভোটের কারণে কয়েকটা কেন্দ্রের ভোট বন্ধ হলে কোনো অসুবিধা হবে না। সেই ভোট পুনরায় নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব ধরনের সুযোগ-সুবিধার দেয়া হবে। 

এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে আচরণবিধি এবং অন্য বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। 

জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জান, জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তাবৃন্দ।