পটুয়াখালীর রাঙ্গাবালীতে শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদের প্রবেশপথ থেকে প্রশাসনিক ভবনের আশেপাশে নানা আগাছা ও ময়লা পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তা করে ‘বিডি ক্লিন’ নামের একটি সংগঠন।
এরআগে বাহেরচর বাজারের আশেপাশেও পরিষ্কার করেছেন তারা ।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিনে বাজার ও রাস্তাঘাট ময়লা-আর্বজনা জমে গেছে। তাই সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সেসব পরিষ্কারে নেমেছে।
এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ীসহ সবার উদ্দেশ্য যেখানে-সেখানে আবর্জনা না ফেলার আহ্বান জানান।
উপজেলা সদরের বাহেরচর বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন হাওলাদার জানান, তিনিসহ অন্যান্য ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাজে খুশি।