গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার জেলে দগ্ধ

পটুয়াখালীতে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। বর্তমানের তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকার হাজির বরফকলের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খা (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিন জনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, বুধবার রাতে বোয়ালিয়া খালে ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা আট জেলের মধ্যে চার জন আহত হন। 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান বলেন, দগ্ধ চার জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। দগ্ধ দুই জনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে।

আহতদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে বলে জানিয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।