পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আদালতের তথ্য বলছে, স্থান, সময় ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে আলতাফ হোসেন চৌধুরীসহ সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে এ মামলা থেকে আলতাফ হোসেনসহ মামলার অপর ১৩ আসামিকে অব্যাহতি দিয়েছেন।
মামলার আদেশ ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী ও আলতাফ হোসেন চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, মামলাটি এটি ছিলো উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানীমূলক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারণে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।
এদিকে মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে আলতাফ হোসেন চৌধুরীর হুকুমে অন্য আসামিরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, কুপিয়ে জখম ও ভয় দেখায়। ১১ বছর বছর পর ২০১৩ সালের ১৭ জুলাই স্থানীয় কিরণ সরকার বাদি মামলাটি দায়ের করেন। মির্জাগঞ্জ থানা পুলিশ ২০১৭ সালের ১৮ জুলাই মির্জাগঞ্জ আদালতে চার্জশিট দাখিল করে। সেখান থেকে বিচারের জন্য পটুয়াখালী চিফ জুডিশিয়াল আদালতে বিচারের জন্য মামলাটি বদলি হয়ে আসে। আজ ছিলো অভিযোগ গঠনের তারিখ। আসামি পক্ষের আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ২৪১/ক ধারায় অব্যাহতির আবেদন করেন। পরে বিচারক মামলা পর্যালোচনা করে ঘটনার টাইম, প্লেস ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে সবাইকে অব্যাহতি দেন।