পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ছয় জনের যাবজ্জীবন

পিরোজপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একজনে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো. মজিবুর রহমান এ রায় দেন। রায়ের সময়ে দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক। 

দণ্ডিতরা হলেন- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হ্যাপি বেগম (২৮), লিমা বেগম (২০)। দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির নাম এমরান (২৮)। তারা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন সাফায়েত শরীফ ও হ্যাপি বেগম। 

মামলা সূত্রে জানা যায়, শত্রুতার জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) বাড়ি ফেরার পথে আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ বাদি হয়ে পরের দিন পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার ওই ব্যবসায়ীকে হত্যায় কারাদণ্ডসহ অর্থদণ্ড করা হয়েছে। ১১ আসামির মধ্যে দুই জন শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং এক জনকে খালাস দেওয়া হয়েছে।