পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেই হবে মেধা ও মননের সংস্কার: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বছরজুড়ে ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকলে তাদের মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম একটি নতুন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরবে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ কালচারের মাধ্যমে সারাদেশে প্রতিভার অন্বেষণ শুরু করেছিলেন। আজ তারই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সারা দেশের মেধাবীদের খুঁজে বের করছেন। 

তিনি আরও বলেন, বিশ্বের খেলাধুলায় আমরা আমাদের ন্যায্য হিস্যা পাইনি। আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই আয়োজন শুরু করেছেন।

তরুণ প্রজন্মের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বিগত দিনে তরুণদের একটি অংশ মাদকাসক্ত হয়েছিলো এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আনন্দের মধ্য দিয়ে শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করতে চান। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত খেলাধুলা শুরু করে দিয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদপুর জেলা তখন সংযুক্ত হতে পারেনি।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলো।