পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিখোঁজ এক কিশোরীর বাবা মুঠোফোনে জানান, তার মেয়েসহ চার কিশোরীকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, চারটা দিন চরম উৎকণ্ঠার মধ্যে ছিলাম। মেয়েদের মুখ দেখার পর সেই উৎকণ্ঠা আর নেই।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ওই চার কিশোরীর অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গার্মেন্টসে চাকরি করার উদ্দেশে কাউকে না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলো। কোনাবাড়ি এলাকায় তারা একটি বাসা ভাড়ও নিয়েছিলো। চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরি করতে গিয়েই তারা পুলিশের জালে ধরা পড়ে।
স্থানীয়রা জানান, গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ওই চার কিশোরী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানে এবং একজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে।
রোববার রাতে তারা ঘরে না ফেরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার দিন ধরে গভীর উৎকণ্ঠায় ছিলেন শিক্ষার্থী ও তাদের স্বজনেরা। উদ্ধার হওয়া কিশোরীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।