পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ‘একাত্তর টেলিভিশন’ ও ‘দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি সাকিব হাসান।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নাসির উদ্দিন এবং সদস্যসচিব শহিদুল ইসলাম মোল্লার যৌথ স্বাক্ষরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেন।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গলাচিপা প্রেসক্লাবের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শংকর লাল দাশ। দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে, পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক সাকিব হাসান স্থানীয় জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক প্রতিবেদন পরিবেশনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা রক্ষা এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে সমন্বয় করে গলাচিপা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং এলাকার স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় সংবাদকর্মীরা।