সস্তায় নিত্যপণ্য দিয়ে আস্থা, ঘর ও ফ্যামিলি কার্ডের নামে হাতিয়ে নেন অর্ধকোটি টাকা

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চক্রের মূল হোতা পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়টি জানান কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

ভুক্তভোগীরা জানান, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করে চক্রটি। চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখাতেন।

অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সরকারি সুবিধা দেওয়ার আশ্বাসে বড়ো অঙ্কের টাকা সংগ্রহ করে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ জানাজানি হলে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের কাউখালী থানায় সোপর্দ করা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাদের মধ্যে অর্ধশতাধিক নারীও ছিলেন। টাকা হারানোর কথা জানাতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে।

থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

বিপুলসংখ্যক ভুক্তভোগীর থানায় উপস্থিতির খবর পেয়ে রোববার রাতে কাউখালী থানায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি থানার অফিসার ইনচার্জকে ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, প্রতারণার অভিযোগে আটকদের তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।