হাসপাতালের ফটক বন্ধ করে নৌকার জনসভার অভিযোগ

কক্সবাজারে একটি হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় প্রার্থীর বিরুদ্ধে সহকারী রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বুধবার জেলার চকরিয়া উপজেলার সিটি হাসপাতালের প্রধান ফটক প্রায় বন্ধ করে ওই সভা করা হয়। পরে বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক খায়রুল বাশার সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বরাবর অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার।

অভিযোগকারী জানান, বুধবার সিটি হাসপাতালের একমাত্র প্রবেশ ও বাহির পথের প্রধান ফটক বন্ধ করে নৌকার সমর্থনে মঞ্চ তৈরি করে সভা করা হয়। 

এদিন দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটক বন্ধ থাকায় সারাদিন কোনো রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসতে পারেনি। অন্যদিকে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনেরা দীর্ঘ ৫-৬ ঘণ্টা অপেক্ষায় ছিলেন। 

এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া সালাহ উদ্দীন আহমদ বলেন, জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ। তিনি অংশগ্রহণ করেছেন মাত্র। তিনি আয়োজক ছিলেন না। 

ইউএনও জেপি দেওয়ান জানান, একজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। নির্বাচন উপলক্ষে চকরিয়ায় দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।