খুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসা

প্রায় এক মাস বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা চালু হয়েছে।

বুধবার সকাল থেকে চালু হওয়া বিদ্যালয়গু‌লো হ‌চ্ছে,  ঘুমধুম সীমান্ত এলাকার বাইশ পারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ‌ক্ষিণ ঘুমধুম মিসকাতুল নবী দা‌খিল মাদ্রাসা।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন জানিয়েছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে আজ বুধবার থেকে স্কুলগুলোতে আবারও ক্লাস শুরু হয়েছে।  

তিনি জানান, ছয় ফেব্রুয়ারী থে‌কে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লেও এতো দিন প‌রি‌স্থি‌তি পর্যবেক্ষণ ক‌রে প্রশাসন। বেশকিছু দি‌ন ধরে আর গোলাগু‌লির ঘটনা না ঘটায় বুধবার থে‌কে বিদ্যালয়গু‌লো খু‌লে দেওয়ার সিন্ধান্ত নেয় প্রশাসন।

চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে মিয়ানমার সীমান্তে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লাগাতার সংঘর্ষের কারণে গত ২৯ জানুয়ারি থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।