জ্বলছে এস আলমের চিনি কল, বর্জ্য নদীতে

দুই দিন পার হলেও এখন নেভেনি চট্টগ্রামে এস আলমের চিনি কলের আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে যাচ্ছে নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী ও কোস্টগার্ড। এদিনে আগুনের কারণে তৈরি হওয়া বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে কর্ণফুলীতে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে থাকলেও তা নির্বাপন করতে বেগ পেতে হচ্ছে। আগুন নির্বাপনে এখনও ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে। স্বয়ংক্রিয় মেশিনে পানি ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরিশোধিত চিনি আগুনে পুড়ে এখন লাভার  রূপ নিয়েছে। তারপরও গলিত পুড়ে যাওয়া চিনির অবশেষ যাতে পাশের চিনির গুদামে ছড়িয়ে যেতে না পারে তারজন্য পানির পাশাপাশি বালিও ব্যবহার করছে অগ্নিনির্বাপণে যুক্ত কর্মীরা। পুড়ে যাওয়া গুদামের পাশেও এস আলমের আরো চার-পাঁচটি গুদাম রয়েছে। 

সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার ব্রিগেড ছাড়াও নৌ-সেনা-বিমান বাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপনে অংশ নেন। রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো নির্বাপন হয়নি আগুন। গুদামটিতে এক লাখ মেট্রিক টন  অপরিশোধিত চিনি ছিল জানিয়েছেন মিল কর্মকর্তারা।