কক্সবাজারের উখিয়ায় আলোচিত বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার প্রধান পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে আলাদা আরেকটি অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় রিভলবারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গোপন সংবাদে আলাদা স্থান হতে সাজ্জাদুজ্জামান হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং তারা সহযোগী হেলালকে উখিয়া কোটবাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
এসময় আলদা আরেকটি অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গোলাবারুদসহ কক্সবাজার সদর এলাকার ডাকাতি, ছিনতাই, ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত দুই জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
গত ৩১ মার্চ ভোররাত সাড়ে তিনটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান।
এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুই জনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্পট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।