কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলিতে কৃষক নিহত

কক্সবাজারের ভারুয়াখালীতে র‌্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়াত উল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদ চৌধুরীকে শেরে বাহিনী নামে পরিচিত ডাকাত দল অপহরণ করে। বিষয়টি জানার পর র‍্যাব এনজিওকর্মী মাসুদকে উদ্ধারে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ড মুরা পাড়া এলাকার পাহাড়ে অভিযান চালায়।

ওই অভিযানের সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে কৃষক বায়াত উল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত বায়াত উল্লাহর ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যায়।

তিনি বলেন, শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ মোস্তক এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে আসলে সবার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো।

এদিকে এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু উদ্ধার করেছে র‍্যাব। অভিযানে ডাকাত ফরহাদকে আটক করা হয়েছে বলে র‌্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, র‌্যাব পুরো বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবে।