বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর এক সদস্য নিহত হয়েছেন। এসময় তিনটি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া থেকে ওই কেএনএফে সদস্যের মরদেহ রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। পাঁচটি বি টাইপ টহল দলের সমন্বয়ে বিশেষ অভিযানটি দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় টহল দলটির সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএফের একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও তিনটি একে-২২ রাইফেল, এক টি শটগান, ৭১ রাউন্ড তাজা এ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, তিনটি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সশস্ত্র সদস্যরা ব্যাংকের নিয়োজিত গ্রাম পুলিশ ও ব্যারেকে থাকা আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়।
এছাড়াও ডাকাতির সময় ব্যাংক ম্যানেজার নেজামউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা। পরে অভিযানে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়। ওই সময় ব্যাংক সংলগ্নে অবস্থিত মসজিদে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে তারাবি নামাজ আদায়রত মুসল্লিদের জিম্মি করে মারধর করা হয়।
পরদিন ৩ এপ্রিল দিন-দুপুরে উপজেলা থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর সশস্ত্র সদস্যরা।
এ ঘটনায় রুমা ও থানচি থানায় একাধিক মামলা দায়ের করা হয়। ব্যাংক ডাকাতি ও গোলাগুলির ঘটনার পর থেকে ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে।