বাখরাবাদ গ্যাসের সাবেক ডিজিএম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ডিজিএম আব্দুল হাই ভূইয়া ও তার স্ত্রীর আঞ্জুমান আরা বেগমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার কুমিল্লার দুদক কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা প্রায় দুই কোটি টাকার সম্পদ অবৈধভাবে আয় করে ভোগ দখলে রেখেছেন। 

অভিযুক্ত প্রধান আসামি আঞ্জুমান আরা বেগমকে তার স্বামী আব্দুল হাই ভূইয়া সহযোগিতা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগে আরও বলা হয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আঞ্জুমান আরা বেগমকে সম্পদ বিবরণী নোটিশ জারি করে দুদক। এরপর গত বছরের ছয় মার্চ নিজের পূরণ করা সম্পদ বিবরণী জমা দেন তিনি। 

কিন্তু আঞ্জুমান আরা দুদকে জমা দেওয়া বিবরণীতে সম্পদের মিথ্যা তথ্য/হিসাব দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের সময় দেখা যায় যে, আঞ্জুমান একজন গৃহিণী। কিন্তু তার নিজ নামে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৮ টাকার স্থাবর সম্পদ এবং মোট ৮৩ লাখ ৬১ হাজার ৫২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তিনি সর্বমোট দুই কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন।  

ওই নারীর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর অংশে ছয় শতাংশ জমি এবং ওই জমিতে চারতলা নির্মাণাধীন একটি বাড়ির কথা উল্লেখ করেন।