চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে সরকারি কম্বল ও বিজিডি চাল, টিসিবির চাল,ডাল, তেল ও চিনি।
শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০ পিস ককটেল, সরকারি ২২০টি কম্বল, বিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর. এম. জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ করা মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজার ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বন্টন না করে নিজেই আত্মসাৎ করেছেন।
তারা আরও বলেন, শরীফ খাঁন সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করতেন। ডাল, তেল ও চিনি নিজের হোটেলে ব্যবহার করতেন। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করতে অভিযুক্ত।
অভিযানে সেনাবাহিনীর সার্জন সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বশ্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বায়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।