আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরেছে দেশের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র- চট্টগ্রাম বন্দরে। চলতি বছর জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ছয় শতাংশ বেড়েছে, যা প্রভাবে ফেলেছে অর্থনীতিও।
বন্দর ব্যবহারকারী ও বন্দর কর্তৃপক্ষ বলছে, পতিত আওয়ামী সরকারের সময় ডলার সঙ্কটসহ নানা কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেননি। এখন সে সমস্যা কেটে যাওয়ায় আমদানি-রপ্তানিতে উৎসাহিত হচ্ছেন ব্যবসায়ীরা। আর এর প্রভাবে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংও বেড়েছে।
গত কয়েক মাস ঝড়-বৃষ্টি, বৈরী আবহাওয়ায় কারণে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং কিছুটা বিঘ্ন হলেও, কন্টেইনার হ্যান্ডলিং এ গতির ছন্দে ফিরেছে দেশের আমদানি-রপ্তানির লাইফ লাইন বলে খ্যাত চট্টগ্রাম বন্দর। ফলে জুলাই-আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে।
চট্টগ্রাম বন্দরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮ লক্ষ ২৬ হাজার ৫২৮ টিইইউস কন্টেইনার। যা গেলো বছরের একই সময়ের তুলনায় বেশি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে কনন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১১ হাজার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বিগত আওয়ামী সরকারের আমলে ডলার সংকটের কারণে এলসি (লেটার অব ক্রেডিট) বা ঋণপত্র খোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে সে প্রতিবন্ধকতা না থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বেড়েছে বলে জানায় বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতা ও বন্যাজনিত কারণে বন্দরে পণ্য আমদানি ও খালাস কম হয়েছে। তবে সেপ্টেম্বরে এসে বন্দরের কার্যক্রমে গতি এসেছে; আগামীতে আরও বাড়বে।
মোট ৩৮ ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রফতানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি ২১টি অফডকে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অফডকগুলোতে ৫.৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হিসেবে ২ লাখ ১ হাজার ৮৭০ টিইইউএস রপ্তানি এবং ৫.১ শতাংশ প্রবৃদ্ধি হিসেবে ৬৯ হাজার ১৪৭ টিইইউএস আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, সেপ্টেম্বরে আমদানি ও রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। বছরের শেষ মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে লাভবান হবেন ব্যবসায়ীরা।
এছাড়া চট্টগ্রাম বন্দর দিয়ে, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর তিনমাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ মেট্রিক টন। আর গত তিনমাসে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়া করেছে ৯৪৪টি।