লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যার কারণ এখন জানা যায়নি।
শনিবার ভোরে তাদের রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম।
দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ জানান, হত্যার তদন্ত চলছে। তাই এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার উত্তর হামছী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলগাছ তলা স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ওই এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির মৃত প্রফুল্ল দেবনাথের ছেলে এবং কাজিরদীঘির পাড়া এলাকার মাতৃ জুয়েলার্সের মালিক ছিলেন।
নিহতের ছেলে প্রীতম দেবনাথ জানান, বাবা দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি বাবার আগে একটি মোটরসাইকেলে ছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে তিন জন দ্রুতগতিতে এসে বাড়ির পাশের রাস্তায় দাঁড়ায়। ঘটনাটি স্বাভাবিক ভেবে আমি বাড়ির রাস্তায় চলে যাই। তখনও বাবা পেছনে সাইকেলে করে আসছিলেন। এক পর্যায়ে বাবার সাইকেল গতিরোধ করে ওই দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তিনি বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।